শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, সামাজিক যোগাযোগমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের নামে প্রচারিত এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে সত্যতা যাচাই করে তথ্য দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলে হাউস রিপাবলিকানদের সঙ্গে দেখা করার সময়, ১৩ নভেম্বর ২০২৪ছবি: রয়টার্স
এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়, একটি সাক্ষাৎকারের সূত্র ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, ট্রাম্প বলেছেন, “শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।” তবে, ওই সাক্ষাৎকারে তিনি এমন কোনো কথা বলেননি এবং বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্যও করেননি।
এছাড়া, ফেসবুকে ৯ নভেম্বর প্রচারিত একটি পোস্টে দাবি করা হয়, ট্রাম্প পিবিডি পডকাস্টে এই মন্তব্য করেছেন, এবং তিনি বাংলাদেশ সরকারের “অবৈধ দখলদারদের” উদ্দেশ্যে বলেন যে, “যাঁরা বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন, তাঁরা আমাকে তাঁর পদত্যাগপত্রটি দেখান।”
এই পোস্টে একটি ছবি যুক্ত করা হয়, যেখানে ট্রাম্প প্যাট্রিক বেট-ডেভিডের সঙ্গে আলাপ করছেন এবং ছবির ওপর বাংলায় লেখা রয়েছে, “আমি মনে করি হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী: ট্রাম্প।” একই ধরনের আরও অনেক ভুয়া পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

0 মন্তব্যসমূহ